৮ নভেম্বর ২০১৭ - ০১:৩২
ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো সেই সৌদি প্রিন্স নিহত!

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রিন্স মানসুর বিন মাকরিন নিহতের ২৪ ঘণ্টার মাথায় সৌদি আরবের আরও এক প্রিন্স নিহত হয়েছেন। আবদুল আজিজ বিন ফাহাদ নামের এ প্রিন্স সাবেক সৌদি বাদশাহ ফাহাদের কনিষ্ঠ পুত্র।

আবনা ডেস্কঃ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রিন্স মানসুর বিন মাকরিন নিহতের ২৪ ঘণ্টার মাথায় সৌদি আরবের আরও এক প্রিন্স নিহত হয়েছেন। আবদুল আজিজ বিন ফাহাদ নামের এ প্রিন্স সাবেক সৌদি বাদশাহ ফাহাদের কনিষ্ঠ পুত্র। তিনি আল আকসা মসজিদ ও ফিলিস্তিনিদের স্বাধিকারের পক্ষে সোচ্চার ছিলেন। নির্ভরযোগ্য সূত্র থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া না গেলেও টুইটারে এ নিয়ে ব্যাপক তর্ক-বিতর্ক চলছে। সিয়াসাত ডেইলি জানিয়েছে, প্রিন্স মানসুর বিন মাকরিন নিহতের কয়েক ঘণ্টার মধ্যেই রাজপরিবারের কনিষ্ঠতম এ প্রিন্স নিহত হন।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইর সাবেক স্পেশাল এজেন্ট আল এইচ সৌফান আবদুল আজিজের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। টুইটারে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আবদুল আজিজের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। তার বয়স ছিল ৪৪ বছর। এর আগে সাবেক যুবরাজের পুত্র প্রিন্স মনসুর বিন মাকরিনকে মৃত ঘোষণা করা হয়।’ এ টুইটে অবশ্য মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
ইন্ডিয়া টুডে জানায়, প্রিন্স আবদুল আজিজ বিন ফাহাদ তার গ্রেফতারের চেষ্টাকালে সৌদি সরকারি বাহিনী ও তার দেহরক্ষীদের মধ্যে সংঘটিত বন্দুকযুদ্ধে তিনি নিহত হয়েছেন। এর আগে একইদিন ৬ নভেম্বর সোমবার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আসির প্রদেশের ডেপুটি গভর্নর প্রিন্স মনসুর বিন মাকরিন তার কয়েকজন সহকর্মীসহ নিহত হন। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
সম্প্রতি সৌদি যুবরাজ সালমান বিন আবদুল্লাহর নেতৃত্বে গঠিত দুর্নীতি দমন কমিশনের অভিযানে দেশটির ১১ জন রাজপুত্র প্রিন্স, চারজন বর্তমান মন্ত্রী এবং প্রায় ডজন খানেক সাবেক মন্ত্রী গ্রেফতার হওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। এর মধ্যেই দুই প্রিন্স নিহত হলেন। সৌদি রাজতন্ত্রে অবশ্য অভ্যন্তরীণ দ্বন্দ্ব নতুন নয়। তবে রাজপরিবারের সেই অভ্যন্তরীণ সংকট ইতিপূর্বে এমন জোরালোভাবে সামনে আসেনি। ভিন্নমত সত্ত্বেও দীর্ঘ সময় ধরে রাজপরিবার একক কণ্ঠস্বরকেই ঐতিহ্য হিসেবে অনুসরণ করে আসছে। তবে এবার তা ভেঙে অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়টি স্পষ্ট হয়ে সামনে এসেছে।
চলতি বছরের জুলাইয়ে এক টুইটে প্রিন্স আবদুল আজিজ বিন ফাহাদ লেখেন, ‘সামর্থ্য অনুযায়ী প্রত্যেক মুসলিম ফিলিস্তিনে এবং পবিত্র আল আকসা মসজিদে আমাদের ভাইদের সমর্থন করতে বাধ্য। হে মুহাম্মদের জাতি, তাদের দেখিয়ে দাও তোমরা কারা। আল আকসাকে অবহেলা করাটা হবে অসম্মানজনক। সৃষ্টিকর্তা আমাদের কাছে এর জবাব চাইবেন।’ অন্য এক টুইটে তিনি লেখেন, ‘হে মুহাম্মদের জাতি, আমাদের তৃতীয় কিবলা দখলদারদের হাতে বন্দি। আমাদের মধ্যে কি কোনো প্রজ্ঞাবান ব্যক্তি নেই? আসুন লড়াই করি। আমাদের বিজয়ী হয়ে এই পবিত্র ঘরের সংরক্ষণ করতে হবে। আর সে লড়াইয়ে ব্যর্থ হলেও আমাদের রব আমাদের ক্ষমা করবেন।’